বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা | চ্যানেল আই অনলাইন

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা | চ্যানেল আই অনলাইন

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’-এ শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া মিলেছে। মেলার দ্বিতীয় দিনে প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে উচ্চশিক্ষা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার দ্বিতীয় দিনে প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। আয়োজকদের মতে, আইসিসিবির বিশাল পরিসর, আধুনিক অবকাঠামো ও সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে বিপুলসংখ্যক দর্শনার্থী স্বাচ্ছন্দ্যে মেলায় অংশ নিতে পেরেছেন।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এই আন্তর্জাতিক শিক্ষামেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একই ছাদের নিচে শিক্ষার্থীরা স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভাষা পরীক্ষার প্রস্তুতি, ভিসা-সংক্রান্ত নির্দেশনা এবং ক্যারিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

মেলায় ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোর জন্য পৃথক প্যাভিলিয়ন রাখা হয়েছে। পাশাপাশি বিটুবি বিজনেস ডিল এবং নেটওয়ার্কিং সেশনও অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের মতে, আন্তর্জাতিক মানের অবকাঠামোর কারণে আইসিসিবি শুধু শিক্ষামেলাই নয়, বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলন, করপোরেট এক্সপো ও প্রদর্শনীর জন্যও অন্যতম উপযুক্ত ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি। অনেকে ভর্তি শর্ত, বৃত্তির সুযোগ ও সম্ভাব্য ব্যয় সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। বিদেশে উচ্চশিক্ষার অর্থায়নে সহায়তার জন্য বিভিন্ন ব্যাংকও মেলায় অংশ নিয়েছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আইসিসিবির মতো মানসম্মত ভেন্যুতে এক ছাদের নিচে এত দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়া অনেক সহজ হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া রহমান বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য পাওয়ায় উচ্চশিক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখন অনেক সহজ হবে।

এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য তারা নামমাত্র গ্যারান্টারে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণসংক্রান্ত তথ্য দিচ্ছেন।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, বিপুল উপস্থিতি প্রমাণ করে বিশ্বমানের উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর জানান, শিক্ষামেলাটি শনিবার (২৫ জুলাই) রাত ৮টা পর্যন্ত চলবে। শেষ দিনেও শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

Scroll to Top