বসন্তের ছুটিতে প্রেম করতে উৎসাহ দিচ্ছে চীনের একটি বিশ্ববিদ্যালয় | চ্যানেল আই অনলাইন

বসন্তের ছুটিতে প্রেম করতে উৎসাহ দিচ্ছে চীনের একটি বিশ্ববিদ্যালয় | চ্যানেল আই অনলাইন

শিক্ষার্থীদের বসন্তকালীন ছুটিতে প্রেম করতে উৎসাহ দিচ্ছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির নাম ‘সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অফ সিভিল এভিয়েশন।’

দেশটির প্রচলিত পড়াশোনাকেন্দ্রিক সংস্কৃতির বাইরে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তাদের স্লোগান “ফুল উপভোগ করুন, প্রেমে পড়ুন”।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির জন্য “ফুল দেখুন, রোমান্স উপভোগ করুন” থিম ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) প্রকাশিত এই নোটিশে শিক্ষক-শিক্ষার্থীদের বই থেকে সাময়িক বিরতি নিয়ে জীবন উপভোগের আহ্বান জানানো হয়। এর প্রায় দুই সপ্তাহ আগে চীন সরকার গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি নতুন করে বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর পরিকল্পনার কথা জানায়।

চীনের বিভিন্ন প্রদেশ যেমন সিচুয়ান, জিয়াংসু এবং শহর হিসেবে সুঝৌ ও নানজিং ইতোমধ্যে বসন্তকালীন ছুটি চালুর পরিকল্পনা ঘোষণা করেছে, যা সাধারণত এপ্রিল বা মে মাসের শুরুতে নির্ধারিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে রয়েছে দেশটির অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানো এবং জনসংখ্যা হ্রাসের প্রবণতা ঠেকানোর প্রচেষ্টা। ২০২৫ সালে টানা চতুর্থবারের মতো চীনের জনসংখ্যা কমেছে এবং জন্মহার রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (NDRC) ‘শিশুবান্ধব শহর’ গড়ে তোলার লক্ষ্যে নতুন নির্দেশনাও দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, ক্রীড়া ও বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে জনসেবা উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

চীনের ভ্রমণ প্রতিষ্ঠান ট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা জেমস লিয়াং বলেন, পরিবার গঠনে মানুষকে উৎসাহ দিতে হলে তাদের পর্যাপ্ত সময় ও অর্থ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তরুণদের বড় পরিবার গঠনের সামাজিক ও ব্যক্তিগত সুবিধা সম্পর্কে সচেতন করার প্রয়োজন রয়েছে।

Scroll to Top