তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে, যা নীতিগত কাঠামোর মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবিষয়ে একটি কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।
আজ (১৯ মে) মঙ্গলবার তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে, যা নীতিগত কাঠামোর মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে একটি কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুনের মধ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
হামের প্রাদুর্ভাব বিষয়ে তিনি বলেন, অতীত সরকারের অবহেলার কারণে রোগটির বিস্তার ঘটেছে, তবে বর্তমান সরকার প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং স্বাস্থ্য সুরক্ষায় হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
জ্বালানি তেল প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।






