বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন, যুবক কারাগারে

বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন, যুবক কারাগারে

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে তামিম হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন, যুবক কারাগারে

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তামিম হাওলাদারের বোনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার সকালে উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে এ ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের মৃত আবদুল জলিল হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের কাছে মাদক কেনার জন্য টাকা চান তামিম। টাকা না পাওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনার পর তামিম এলাকা থেকে পালিয়ে যান। পরে রাতে ফিরে এলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় তার বড় বোন সুলতানা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়ে। বড় ভাই প্রবাসে থাকায় তামিম মা ও বোনের সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া ও ভাঙচুর করতেন।

মামলার বাদী বোন সুলতানা বেগম জানান, তামিমকে স্বাভাবিক জীবনে ফেরাতে চারবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে প্রতিবার ফিরে এসে তিনি আবারও মাদকে জড়িয়ে পড়েন। সর্বশেষ নেশাগ্রস্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top