
বরিশাল, ১৮ মার্চ – বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে হঠাৎ বিএনপি নেতাকর্মীদের একটি মোটরসাইকেল বহর সেখানে উপস্থিত হলে ব্যানার ও কেক ফেলেই পালিয়ে যান তারা। মঙ্গলবার রাত দশটার দিকে নগরীর সাতাশ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড সংলগ্ন কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেলে যাওয়া কেক ও ব্যানার জব্দ করে। সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার জানান রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই সড়কে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের চেষ্টা করছিল।
সেখানে ব্যানার টাঙিয়ে স্লোগানও দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে গেলে তারা দ্রুত সটকে পড়ে। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক দেব সরকার জানান জাতীয় জরুরি সেবা নম্বর থেকে কল পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা একটি কেক এবং ব্যানার উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের ষোল নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান এই কর্মসূচির আয়োজন করেন। ভিডিওতে দেখা যায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে ইফতার সামনে রেখে মোনাজাত করছেন নেতাকর্মীরা। তারা সেখানে বিভিন্ন স্লোগানও দেন। ঘটনাটি কাউনিয়া থানা এলাকার বলে গুঞ্জন ছড়ালেও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান তাদের থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপর একটি ভিডিওতে তিন ছাত্রলীগ কর্মীকে কেক সামনে রেখে স্লোগান দিতে দেখা গেছে।
এস এম/ ১৮ মার্চ ২০২৬




