বয়সটা ৩৯ ছুঁইছুঁই, তবে মাঠের পারফরম্যান্স দেখলে মনে হয় এখনও চিরতরুণ লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল। গড়েছেন একাধিক রেকর্ডও। আর্জেন্টিনা কিংবদন্তির ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ফ্রান্স তারকা ওলিভিয়ের জিরুদ। তার মতে, মেসি যেন বয়সের সঙ্গে আরও দুর্দান্ত হয়ে উঠছেন।
বিবিসি রেডিওতে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচ শেষে সাবেক ফ্রান্স ফরোয়ার্ড এমন মন্তব্য করেছেন। বলেছেন, ‘লিওনেল মেসি বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন। ঠিক সময়ে, ঠিক জায়গায় নিজেকে হাজির করার অসাধারণ ক্ষমতা আছে তার। আর যখন গোল করছেন না, তখন খেলার মাঝখানে থেকে সুযোগ তৈরি করছেন, খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করছেন।’
মেসির পাশাপাশি আর্জেন্টিনা দলের অন্য সদস্যদেরও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বলেছেন, ‘মেসির চারপাশের খেলোয়াড়রা শুধু তারই অপেক্ষায় থাকে। তারা তার জন্যই খেলে এবং এটা তাদের জন্য এক বিরাট সম্মান। তারা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, তার সাথে খেলাটা তাদের জন্য এক বিশেষ সৌভাগ্য। তারা তার জন্য মাঠে জীবন দিতে এবং টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে নকআউটপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ২৮ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে জর্ডানের।

