বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়েছিলেন রংপুরের ব্যবসায়ী, নীল ড্রামে মিলল মরদেহের ২৬ টুকরা! | চ্যানেল আই অনলাইন

বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়েছিলেন রংপুরের ব্যবসায়ী, নীল ড্রামে মিলল মরদেহের ২৬ টুকরা! | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

তিন দিন আগে বন্ধুর সঙ্গে ঢাকায় যাওয়া রংপুরের এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহের ২৬ টুকরা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নীল রঙের একটি ড্রামের ভেতর থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত ব্যক্তির নাম আশরাফুল হক (৪২)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় গিয়েছিলেন।

নিহতের স্ত্রী লাকী বেগম জানান, বুধবার বিকালে ৫টায় আশরাফুলের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তিনি স্বামীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন ধরতেন বন্ধু জরেজ মিয়া। জরেজ বারবার লাকীকে জানান, আশরাফুল বিভিন্ন কাজে ব্যস্ত আছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরেও যখন জরেজ ফোন ধরেন এবং আশরাফুলকে দেন না, তখন লাকী বেগম জরেজের স্ত্রীর কাছে যান। আশরাফুলের শ্যালক আবদুল মজিদ জানান, তার বোন জরেজের স্ত্রীকে ফোন না ধরার কারণ জানতে চাইলে জরেজ মিয়া জানান, আশরাফুলের ফোন ড্রেনে কুড়ায় পাইছে। এরপরই সন্দেহ হয়।

বৃহস্পতিবার বিকালে লাকী বেগম তার ভাইকে নিয়ে বদরগঞ্জ থানায় গেলে জানতে পারেন, আশরাফুলকে খুন করা হয়েছে এবং তার মরদেহের ২৬ টুকরা ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, নিহত আশরাফুল হকের স্ত্রী ও স্বজনেরা থানায় এসেছিলেন। তিনি বলেন, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছি। সেগুলো দিয়ে ওসি রমনা, শাহবাগকে সহযোগিতা করছি। এ ঘটনায় ঢাকায় মামলা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবার সেখানে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

Scroll to Top