বগুড়ার কাহালুতে পানিতে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. আসাদুল ইসলামের ছেলে মো. জাকিরুল (৬) ফারুক মন্তলের ছেলে মো. ফাহিম (৮) ও তার বোন সুরাইয়া (৫)।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছ গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন সকাল ১০ টার দিকে তারা তিনজনই বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরে দুপুর ১ টার দিকে সালমা খাতুন নামে এক নারী জাকিরুলের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন জাকিরুলের মৃতদেহ পানি থেকে উদ্ধার করে। পরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুলকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে ফাহিম ও সুরাইয়াকে তাদের নানী আবেদা বেগম খুঁজে না পেলে একপর্যায়ে ঐ গ্রামের মিন্টু প্রামানিক পুকুরে নেমে খোঁজেখুঁজির করে ফাইমকে মৃত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করেন। এসময় সুরাইয়াকে না পেয়ে কাহালু ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঐ পুকুর থেকে শিশু সুরাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ৩ শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।
