বগুড়ায় দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড শো কাল | চ্যানেল আই অনলাইন

বগুড়ায় দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড শো কাল | চ্যানেল আই অনলাইন

সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। দেশের সংগীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে আবারো আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড শো!

মঙ্গলবার (৭ এপ্রিল) বগুড়ার হোটেল মম ইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’। অনুষ্ঠানে অংশ নিতে বগুড়ার মম ইনে পৌঁছেছেন অ্যাওয়ার্ড শোয়ের সঙ্গে সংশ্লিষ্টরা। যারমধ্যে আছেন দেশের সব প্রজন্মের শিল্পীরা।

এরইমধ্যে সোমবার সকাল থেকে ধাপে ধাপে চ্যানেল আই থেকে বগুড়ার মম ইনে রওনা দিয়েছেন শিল্পীরা। দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড শো সফল করতে এরইমধ্যে চলছে বিশাল কর্মযজ্ঞ। উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার নান্দিক পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে তৈরী হচ্ছে সুবিশাল মঞ্চ।

সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এই মঞ্চে রিহার্সালে যোগ দিচ্ছেন ঢাকা থেকে যাওয়া শিল্পীরা। বিশেষ করে আগামিকাল যারা ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর মঞ্চে পারফর্ম করবেন!

এবারের আসরে আজীবন সম্মাননাসহ ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। আর বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে প্রবীণ শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে।

মঙ্গলবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

এছাড়াও এই সংগীত উৎসবে এদিন উপস্থিত থাকবেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা, লুইপাসহ দেশ বরেণ্য শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর উপস্থাপনায় থাকছেন নীল হুরে জাহান।

Scroll to Top