
প্যারিস, ১৬ জুলাই – ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য আসা বিদেশি শিক্ষার্থীদের জন্য ন্যূনতম আর্থিক সক্ষমতার পরিমাণ বাড়ানো হয়েছে। আগামী ১ আগস্ট থেকে ফ্রান্সে ভর্তি হতে বা রেসিডেন্স পারমিট পেতে বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে কমপক্ষে ৮৭৭ দশমিক ৫০ ইউরো আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে।
সম্প্রতি জারি হওয়া এক নতুন ডিক্রিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যা ২০২৬ সালের বাজেট আইনের একটি অংশ। এই নতুন নিয়ম ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইজারল্যান্ডের বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।
বর্তমানে এই আর্থিক শর্তের পরিমাণ ৬১৫ ইউরো থাকলেও দীর্ঘ ২২ বছর পর প্রথমবারের মতো এটি বাড়িয়ে ন্যূনতম মজুরির ৪৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ডিক্রি অনুযায়ী ভবিষ্যতে ন্যূনতম মজুরি বৃদ্ধি পেলে এই আর্থিক সংস্থানের পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে।
উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে আসা বিদেশি শিক্ষার্থীদের প্রথমে দীর্ঘমেয়াদি ভিসা সংগ্রহ করতে হয় যা পরে রেসিডেন্স পারমিট হিসেবে গণ্য হয়।
শুধু আর্থিক সক্ষমতাই নয় বরং ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানোর ঘোষণাও দিয়েছে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়। ফরাসি উচ্চশিক্ষা মন্ত্রী ফিলিপ বাতিস্ত জানান এই পরিকল্পনার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সংকট হ্রাস পাবে। এছাড়া ২০২৬ সালের জুলাই থেকে সরকারি বৃত্তি না পাওয়া অ-ইউরোপীয় শিক্ষার্থীরা আবাসন সহায়তা সুবিধা থেকেও বঞ্চিত হবেন।
সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো উচ্চশিক্ষার অর্থায়নে ভারসাম্য আনা এবং মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা। তবে এসব কঠোর সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।
এনএন/ ১৬ জুলাই ২০২৬





