ফ্রান্সে এক ম্যাচে ২৭ ফুটবলারের ২৪ জনকেই লাল কার্ড | চ্যানেল আই অনলাইন

ফ্রান্সে এক ম্যাচে ২৭ ফুটবলারের ২৪ জনকেই লাল কার্ড | চ্যানেল আই অনলাইন

ফুটবল মাঠে মাঝেমধ্যেই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে, তবে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে এবার যা ঘটল তা এককথায় নজিরবিহীন। মরবিহান শহরে গিলিয়ার্স ও মোরন-এর মধ্যকার একটি ম্যাচ শেষ পর্যন্ত আস্ত এক রণক্ষেত্রে পরিণত হয়, যার ফলে দুই দলের মোট ২৪ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।

ফরাসি সংবাদপত্র ‘আউস্ট ফ্রান্স’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ মার্চ অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ২৭ জন খেলোয়াড় মাঠে ছিলেন। ম্যাচ শেষে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লাল কার্ড পাওয়া খেলোয়াড়দের মধ্যে গিলিয়ার্সের ১৩ জন এবং মোরনের ১১ জন রয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় ম্যাচের শেষ বাঁশি বাজার পর। মোরনের এক খেলোয়াড়ের বাবা তার ছেলেকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে মাঠে ঢুকে পড়লে উত্তেজনা চরমে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হাতাহাতির এক পর্যায়ে অনেকে লাঠি নিয়েও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ফ্রান্সের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ন্যাশনাল গেন্ডারমারি’ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপ্রীতিকর এই ঘটনার প্রেক্ষিতে একটি আঞ্চলিক শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার পর দুই ক্লাবের ওপরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মাঠের ফুটবলে এই বিতর্কিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

Scroll to Top