ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা | চ্যানেল আই অনলাইন

অস্কারের ৯৮তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি। যেই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস।

কিন্তু মনোনয়ন পেয়েও এবারের অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা। কিন্তু কেন?

মূলত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেখানে উপস্থিত থাকতে পারছেন না অভিনেতা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজে।

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি।  এতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি হিন্দকে উদ্ধারে সাহায্যের চেষ্টা করেন।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে মোতাজ লিখেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনে যোগ দিতে না পারাটা সত্যিই কষ্টের।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিনেতার ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Scroll to Top