ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ  | চ্যানেল আই অনলাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার মর্যাদাপূর্ণ ফুটবলের মঞ্চে প্রথমবারের মতো যুক্ত হতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আমন্ত্রণের পর এবার সবুজ সংকেতে পেয়েছে বাংলাদেশ। ফলে ‘ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে মিডিয়া কমিটির সভাপতি আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমরা গতকাল ফিফা থেকে সবুজ সংকেত পেয়েছি। আমরা আসিয়ান কাপ খেলতে যাচ্ছি।’

২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশন অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ডিভিশনে অংশ নেয়ার কথা ছিল ভারতের। তবে ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচের সূচি থাকায় ভারত নাম প্রত্যাহার করে নেয়। ফলে ফাঁকা হওয়া স্থানটি পূরণে ফিফা বাংলাদেশকে প্রস্তাব দেয় এবং বাফুফে তাতে সম্মতি জানায়।

প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিক ইন্দোনেশিয়া ছাড়াও অংশ নিচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ। অন্যটি চ্যালেঞ্জ ডিভিশন যেখানে খেলবে। ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপপর্বের পাশাপাশি ফাইনাল মিলিয়ে বাংলাদেশ অন্তত ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে।

আসন্ন নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের মতো মহাদেশীয় টুর্নামেন্টের আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলার এই সুযোগকে বাংলাদেশ ফুটবল দলের জন্য সেরা প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

Scroll to Top