
যুক্তরাষ্ট্র, ২৫ মার্চ – বিশ্বকাপ ফুটবলের আগে খুব বেশি সময় বাকি নেই। এর মাঝে চলতি মৌসুমে চোটের কারণে বেশ ভুগছেন বেলজিয়ামের তারকা ফুটবলার রোমেলু লুকাকু।
নিজের ফিটনেস নিয়ে কাজ করার লক্ষ্যে জাতীয় দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আগামী জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম।
আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে শুরুতে লুকাকুর নাম থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। চলতি মৌসুমের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লুকাকু।
চোট কাটিয়ে উঠলেও ফিটনেস ঘাটতি তাকে বেশ ভুগিয়েছে। এই কঠিন মৌসুমে নাপোলির হয়ে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ৬৪ মিনিট। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের জুন মাসে।
বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে চার তিন গোলের জয়ে একটি গোলও করেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা এই তারকা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বেলজিয়ামের পরবর্তী ছয়টি ম্যাচে অংশ নিতে পারেননি। লুকাকুর পাশাপাশি আক্রমণভাগের আরও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে ফিফা র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা দলটিকে।
নিতম্বে অস্ত্রোপচারের পর আর্সেনালের ফরোয়ার্ড লেয়ান্ড্রো ট্রসার্ড সুস্থ হয়ে উঠলেও তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল ব্যবস্থাপনা কমিটি। অন্যদিকে একই ধরনের অস্ত্রোপচারের পর ক্লাব ব্রুজের অ্যাটাকিং মিডফিল্ডার হান্স ভানাকেন এখনও পুরোপুরি সেরে ওঠেননি।
এ এম/ ২৫ মার্চ ২০২৬





