দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিপিআইএফএফ) পুরস্কার ২০২৬-এর বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে, ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা।
২০ নভেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত এবারের আয়োজনে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টেলিভিশন, সংগীত, আন্তর্জাতিক চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৪১টি বিভাগে শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মানিত করা হয়েছে।
চলচ্চিত্র বিভাগে যারা পেলেন পুরস্কার
প্রকাশিত বিজয়ীদের তালিকা অনুযায়ী, সমালোচক বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। সিনেমাটিতে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেঠি। অন্যদিকে, ‘হক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম ধর।
সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ‘ধুরন্ধর’-এর নির্মাতা আদিত্য ধর। একই সিনেমার জন্য বছরের সেরা প্রযোজকের সম্মান পেয়েছেন আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর। এ ছাড়া ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর জন্য সেরা চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন অরবিন্দ এস কাশ্যপ।
অভিনয়ের অন্যান্য বিভাগেও পুরস্কার পেয়েছেন একাধিক তারকা। ‘ছাভা’ সিনেমার জন্য ভিনীত কুমার সিং, ‘ধুরন্ধর’-এর জন্য অক্ষয় খান্না এবং ‘হাউসফুল ৫’-এর জন্য রিতেশ দেশমুখ পুরস্কার জিতেছেন। ভিনীত কুমার সিং পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেতার স্বীকৃতি। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অক্ষয় খান্না এবং কমেডি চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রিতেশ দেশমুখ।
সংগীতে ‘সাইয়ারা’ ও ‘ধুরন্ধর’-এর জয়জয়কার
সংগীত বিভাগেও একাধিক পুরস্কার এসেছে জনপ্রিয় সিনেমা ‘সাইয়ারা’ ও ‘ধুরন্ধর’-এর ঝুলিতে। ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল ট্র্যাকের জন্য সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন ইরশাদ কামিল। একই গান নির্বাচিত হয়েছে বছরের সেরা গান হিসেবে।
অন্যদিকে, ‘ধুরন্ধর’-এর জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার জিতেছেন শাশ্বত সচদেব। সেরা প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ। বছরের সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন করণ আউজলা এবং সেরা কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন স্যান্ডি মাস্টার।
ওয়েব সিরিজে আরিয়ান খান ও জয়দীপ আহলাওয়াতের স্বীকৃতি
ওয়েব সিরিজ বিভাগে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। সিরিজটির নির্মাতা আরিয়ান খান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।
এ বিভাগে সেরা অভিনেতার সম্মান জিতেছেন ‘পাতাল লোক সিজন ২’-এর জয়দীপ আহলাওয়াত। ‘দিল্লি ক্রাইম সিজন ৩’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শেফালি শাহ। একই সিরিজে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হুমা কুরেশি। অন্যদিকে, ‘গ্রাম চিকিৎসালয়’ সিরিজের জন্য সেরা পার্শ্ব-অভিনেতার স্বীকৃতি পেয়েছেন বিনয় পাঠক।
টেলিভিশনে সেরা ‘তারক মেহতা কা উলটা চশমা’
টেলিভিশন বিভাগে বছরের সেরা সিরিজ নির্বাচিত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’। ‘কিউঙ্কি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অমর উপাধ্যায়। একই ধারাবাহিকের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্মৃতি ইরানি।
আন্তর্জাতিক বিভাগে জেমস ক্যামেরন ও টেইলর সুইফটের স্বীকৃতি
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগেও ছিল তারকাদের উপস্থিতি। এ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা পরিচালকের সম্মান জিতেছেন পল থমাস অ্যান্ডারসন।
‘সিনার্স’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মাইকেল বি জর্ডান। অন্যদিকে, ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি।
এ ছাড়া আন্তর্জাতিক বর্ষসেরা শিল্পী নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী টেইলর সুইফট। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। সংগীতজগতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন ইলাইয়ারাজা। পাশাপাশি চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি পেয়েছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও আন্তর্জাতিক প্রতিযোগিতা
এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া হাজারো চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত কাজগুলোকে স্বীকৃতি দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
এই বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সৈয়দ শাহিদ খানের ‘মাধুরী—এন্ড ইজ বিগিনিং’। প্রথম রানারআপ হয়েছে রাহুল শেঠির ‘জাহান—দ্য লাস্ট গিফট’। দ্বিতীয় রানারআপ জর্জ মরাইসের ‘ইন হাফ’ এবং তৃতীয় রানারআপ হয়েছে সাই হারিণী বসন্তের ‘টি কট্টু’৮৩’।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
৪১টি বিভাগে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এবারের ডিপিআইএফএফ ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র, টেলিভিশন, ওয়েব সিরিজ এবং সংগীতজগতের প্রতিষ্ঠিত ও নতুন প্রতিভাদের সম্মান জানিয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিল্পীদের সৃজনশীলতা, নিষ্ঠা ও শৈল্পিক অবদানকে উদ্যাপন করার পাশাপাশি বিশ্বজুড়ে নতুন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

