ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ | চ্যানেল আই অনলাইন

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ | চ্যানেল আই অনলাইন

ফাগুনের শেষ আর মৌসুমের প্রথম বিকেলে টানা এক ঘন্টার বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছে গোপালগঞ্জবাসী।

গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর বৃহম্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টা ১৯ মিনিটে ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি শুরু হয়। যার স্থায়ীত্ব ছিল কমপক্ষে একঘন্টা।

সপ্তাহব্যাপী গরমে যখন গোপালগঞ্জের শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ অতিষ্ঠ ঠিক তখনই বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। ৫টা ১৯ মিনিটে শুরু হয় স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ভিজে যায় এবং গুমোট ভাব কেটে গিয়ে শীতল হাওয়া বইতে শুরু করে। জেলার বিভিন্ন স্থানে প্রায় এক ঘণ্টা এ বৃষ্টি অব্যাহত থাকে।

অনেক রিক্সাচালকদের বৃষ্টিতে ভিজে আনন্দের সাথে রিক্সা চালাতে দেখা যায়। তারা জানায়, গত কয়েকদিন ধরে গরমে রিকশা চালাতে কষ্ট হচ্ছিল। বৃষ্টি হওয়ায় ভালো লাগছে বলেই বৃষ্টিতে ভিজে রিক্সা চালাচ্ছি।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, জেলায় আজ ফাগুনের শেষ আর মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। বিকাল সোয়া ৫টার পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২-৩ দিন জেলা জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Scroll to Top