ফাইনালে যেতে ইয়ামালকে ‘থামানোর’ বিকল্প নেই ইন্টারের | চ্যানেল আই অনলাইন

ফাইনালে যেতে ইয়ামালকে ‘থামানোর’ বিকল্প নেই ইন্টারের | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার সঙ্গে জয় পায়নি ইন্টার মিলান। তবে সমানে সমান লড়াই করে ড্র নিয়েই ফেরে ইতালির সিরি আর দলটি। ম্যাচ শেষে ইন্টারের কোচ সিমোনে ইনজাঘি বলেছিলেন, ‘ইয়ামাল এমন প্রতিভা যা ৫০ বছরে একবারই দেখা যায়। ওকে কাছ থেকে দেখতে পেয়ে আমি মুগ্ধ এবং আনন্দিত।’ প্রতিপক্ষ দলের কোচের মুখে এমন কথা মানে এই অপ্রতিরোধ্য তরুণ লামিন ইয়ামালকে নিয়ে বেশ ভাবতে হচ্ছে ইন্টারের কোচ সিমন ইনজাঘিকে।

বার্সেলোনার নিজের মাঠে ইন্টারের সঙ্গে প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে শেষ হয়েছিল। ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠার শেষ চেষ্টায় মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে ইন্টার-বার্সা। সান সিরোয় বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে মাঠের লড়াই।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ১৭ বর্ষী ইয়ামালকে নিয়ে নিজেদের পরিকল্পনার কিছুটা খোলাসা করে ইনজাঘি বলেছেন, ‘আমাদের চেষ্টা করতে হবে যেন সে বল না পায়, যদিও এটা অসম্ভব। তাকে দুইজনের পাহারায় রাখা হবে। সে এমন একজন খেলোয়াড়, যার ওপর নিবিড়ভাবে দৃষ্টি রাখে হবে এবং আমরা তার ওপর মনোযোগ ধরে রাখব।’

‘ব্যক্তিগতভাবে সে অসাধারণ এক প্রতিভা, সত্যিকারের বিপজ্জনক, সবাই তাকেই বল দেয়। তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারায় ক্ষমতায় আমি মুগ্ধ, সে জানে কখন কীভাবে খেলতে হবে।’

ইন্টারের বিপক্ষে আগের ম্যাচে গোলে একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন ইয়ামাল। ইউরোপ সেরার মঞ্চে সবচেয়ে কম বয়সে শেষ চারের ম্যাচে গোলের কীর্তি এখন তার।

Scroll to Top