
ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করতে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে এবং এরপর ভোট শেষ হয়। বাংলাদেশে এই প্রথমবারের মতো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ঘিরে বিভিন্ন দলের কিছু অভিযোগ ছিল, তবে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পর এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে থাকতে বিএনপি ও জামায়াত তাদের কর্মী-সমর্থকদের আহ্বান জানিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট এবং গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর আলাদা দলে ভাগ হয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন, তাদের মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৪৬ জন, এর মধ্যে এক হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬





