প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু | চ্যানেল আই অনলাইন

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের সফল চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় একটি ছোট টিউমার শনাক্ত হয় এবং চিকিৎসকরা দ্রুত সেটির চিকিৎসা সম্পন্ন করেন।

৭৬ বছর বয়সী এই নেতা জানান, ইরানের সঙ্গে যুদ্ধের তীব্র সময়ে ভুল প্রচারণা এড়াতে তিনি দুই মাস এই তথ্য প্রকাশ স্থগিত রাখতে অনুরোধ করেছিলেন।

এর আগে ২০২৪ সালে তিনি ক্যান্সারবিহীন প্রোস্টেট সমস্যার জন্য অস্ত্রোপচার করান এবং এরপর থেকেই নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন।

স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের জন্য তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে। যদিও চিকিৎসা ঠিক কখন সম্পন্ন হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

হাদাসাহ মেডিকেল সেন্টার অনকোলজি বিভাগের পরিচালক আহারন পোপোভৎসার জানান, রোগটি খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বলা যায়, রোগটি এখন আর নেই।

ইরান-ইসরায়েল সংঘাতের শুরুতে নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়ায়, এমনকি কৃত্রিমভাবে তৈরি ছবি ছড়িয়ে তার মৃত্যুর দাবি করা হয়।

এসব গুজব নাকচ করতে তিনি মার্চ মাসে জেরুজালেমের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন।

ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে এই তথ্য প্রকাশ এমন এক সময়ে এলো, যখন দেশটি আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে।

বিশ্লেষকদের মতে, তার সুস্থতার বার্তা রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

Scroll to Top