মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার মেয়েদের কাছে হেরেছে বাংলাদেশ। পরে ব্যাট করে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে জয় তোলে প্রোটিয়া দল। পাঁচ ম্যাচের মধ্যে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে ফিরছে নিগার সুলতানা জ্যোতির দল।
লর্ডসে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে টিম টাইগ্রেস। জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকার ম্যাচজয়ী ৪৫ রানের ইনিংস খেলেছেন অ্যানেরি ডার্কসেন। তার ৪৫ বলের ইনিংসে দুটি চার ছিল। ওপেনার তাজমিন ব্রিটস করেন ২০ রান। মারিজান ক্যাপ ১৬ রানে করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ আক্তার ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার।
বাংলাদেশ আগে ব্যাটিং করে তিনজন ছাড়া আর কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি। দুই ওপেনার জুরাইরিয়া ফেরদৌস ও তাজনেহার রান পাননি। সর্বোচ্চ ৪২ রান করেন সোবহানা মোস্তারি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি। ২২ রান করেন শারমিন আক্তার সুপ্তা। বাকি ব্যাটাররা বলার মতো রান পাননি।
প্রোটিয়াদের এনক্লুকো ম্লাবা নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন মারিজান ক্যাপ, শাবনিম ইসমাইল ও নাদাইন ডি ক্লার্ক।



