টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের প্রস্তুতিটা দারুণভাবেই শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার নিজেদের প্রথম ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচে স্বাগতিক কাসেম বুন্দিত উইমেন্স এফসিকে ২-০তে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথমার্ধে সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী ১৫ মিনিটে গোল করে লিড এনে দেন। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ৭৭ মিনিটে উমহেলা মারমা ব্যবধান দ্বিগুণ করেন।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় ঘুরে-ফিরে বাংলাদেশের সকল খেলোয়াড়কেই খেলিয়েছেন কোচ পিটার বাটলার। থাই ক্লাবটি প্রথম স্তরের চতুর্থ দল। গত মাসে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলা থাইল্যান্ড দলের চারজন রয়েছেন এই ক্লাবে।
বাংলাদেশ ১৫ দিনের ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে থাইল্যান্ডে। ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। ব্যাংকক থেকে ২১ মে ভারতের উদ্দেশে রওনা হবে পিটার বাটলারের দল।
সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩১ মে গ্রুপপর্বের হাইভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।





