যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি পদ থেকে ক্রিস্টি নয়েমকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থানে ওকলাহোমার সিনেটর মার্কওয়েন মুলিনকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে জানান, আগামী ৩১ মার্চ থেকে মার্কওয়েন মুলিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় এক বছরের বেশি সময় এই পদে থাকার পর নয়েমকে সরিয়ে দেওয়া হলো।
তবে ট্রাম্প নয়েমের কাজের প্রশংসা করে বলেন, তিনি প্রশাসনকে ভালোভাবে সেবা করেছেন। একই সঙ্গে নয়েমের জন্য ‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন একটি পদও তৈরি করা হয়েছে। এই পদে থেকে তিনি যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা উদ্যোগের নেতৃত্ব দেবেন।
সম্প্রতি কংগ্রেসের শুনানিতে অভিবাসনবিরোধী এক প্রচারাভিযানের অর্থায়ন নিয়ে বিতর্কের মধ্যে পড়েন নয়েম। আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রচারণা প্রেসিডেন্টের অনুমোদনেই পরিচালিত হয়েছে।
তবে হোয়াইট হাউস তা অস্বীকার করে জানায়, ২২ কোটি ডলারের ওই প্রচারণা কর্মসূচিতে প্রেসিডেন্ট সরাসরি অনুমোদন দেননি। নোয়েমের তত্ত্বাবধানে পরিচালিত ওই প্রচারাভিযানে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগের আহ্বান জানানো হয়।
২০২৫ সালের শুরু থেকে এই প্রচারে প্রায় ৮ কোটি ডলার ব্যয় করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।




