প্রফেসর নাছিমউদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ | চ্যানেল আই অনলাইন

প্রফেসর নাছিমউদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ | চ্যানেল আই অনলাইন

শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ১০ অক্টোবর।

২০২০ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজে শিক্ষকতা করেছেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা। রবীন্দ্র গবেষক হিসেবে বিশেষ পরিচিত হলেও তিনি লিখেছেন বহু কবিতা ও গবেষণামূলক গ্রন্থ। পাশাপাশি আজীবন যুক্ত ছিলেন নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন তিনি।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আসর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাঁ মাঠে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

Scroll to Top