প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম নেতাদের সৌজন্যে সাক্ষাৎ

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির নির্বাহী কমিটির প্রতিনিধিদল আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অ্যামচেম। সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অ্যামচেম জানায়, বিগত বছরগুলোতে সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে। আগামী ৫ বছরে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগ আনতে সহায়ক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে অ্যামচেম। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও সরকারের অংশীদারত্ব কামনা করে অ্যামচেম। খবর বিজ্ঞপ্তি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। নীতির স্পষ্টতা, ধারাবাহিকতা, দক্ষ প্রশাসন ও ব্যবসায়ী সমাজের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

Scroll to Top