সাত মাস পেছানোর পর অবশেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’।
সিনেমাটি ঘিরে তার ভক্তদের শুরু থেকেই নজিরবিহীন উচ্ছ্বাস দেখা যায়। সিনেমাটি মুক্তির দিন সেই উচ্ছ্বাসের প্রতিফলন মিলেছে প্রথম দিনের আয়েও। কিন্তু দ্বিতীয় দিনে এসে সিনেমাটি বক্স অফিসে পতনের মুখে পড়েছে।
ট্রেড ট্র্যাকার স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, এইচ. ভিনোথ পরিচালিত ছবিটি বৃহস্পতিবার ৪২.৭০ কোটি রুপি নেট আয় দিয়ে যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় দিনে যা কমে আয় দাঁড়িয়েছে ২১.১৫ কোটি রুপি নেট। ফলে বলাই যায় যে, ছবিটির আয় প্রথম দিনের তুলনায় প্রায় ৫০.৫% কমেছে। এছাড়াও ছবিটি ভারতে মোট (গ্রস) আয় এখন ৭৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ১১২.৫০ কোটি রুপিতে।
শুক্রবার ছবিটির সার্বিক হল-দখলের হার ছিল ৪৪.৩৩%। সকালের শোতে দর্শক উপস্থিতি ছিল ৩২.৭৭% এবং দুপুরের শোতে ছিল ৩৭.২৩%। দিন বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক উপস্থিতি বেড়েছে। সন্ধ্যার শোতে ছিল ৪৭% এবং রাতের শোতে পৌঁছায় ৬০.৩১%।
দ্বিতীয় দিনে ছবিটির আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে, যার আয় ছিল ১৭.৯৫ কোটি রুপি। হিন্দি সংস্করণ আয় করেছে ১.৮৫ কোটি রুপি এবং তেলুগু সংস্করণ আয় করেছে ১.৩৫ কোটি রুপি।
ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে পরিচালক এইচ. ভিনোথ বলেন, ‘‘বিজয় স্যারের কোন ছবি মুক্তি পেলেই প্রথম এক সপ্তাহ মানুষ বলে এটা ভালো, ওটা ভালো নয়, এটা কাজ করেনি, ওটা কাজ করেনি। তারপর এক সপ্তাহ পর তারা বলে, ছবিটি আসলে ততটা ভালো নয়। কিন্তু ছয় মাস পরে ছবিটিই সমাজে বড় হিট হিসেবে পরিচিত হয়ে ওঠে।’’
এদিকে বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও, এর চেয়েও বেশি আলোচনা হচ্ছে সিনেমার তারকাদের পারিশ্রমিক নিয়ে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জন নয়াগণ’-এ অভিনয়ের জন্য বিজয় প্রায় ৩০০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কোনো অভিনেতার সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।




