প্রথমদিনে আইরিশদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

প্রথমদিনে আইরিশদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টে মধ্যাহ্ন বিরতির আগে নিয়ন্ত্রণ ছিল আয়ারল্যান্ডের হাতে। প্রথম সেশনে ১ উইকেটে ৯৪ রান তুলেছিল তারা। পরের দুই সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বোলাররা। প্রথমদিনে সফরকারীদের ৮ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আয়াল্যান্ড। প্রথমদিনে ৯০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২৭০ রান তুলেছে সফরকারীদল। ব্যারি ম্যাকার্থি ২১ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দেবেন ম্যাথিউ হামফ্রেয়াস।

দিনের চতুর্থ বলে অ্যান্ড্রু ব্যালবির্নের উইকেট তুলে নেন হাসান মুরাদ। এরপর পুরো সেশন কাটিয়ে দেন পল স্টার্লিং, কেড কারমাইকেল। দুজনে মিলে ৯৬ রানের জুটি গড়েন।

মধ্যাহ্ন বিরতির পর ফিরে স্টার্লিংকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ চারে ৭৬ বলে ৬০ রান করেন আইরিশ ওপেনার। ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরকে ফেরান মেহেদী হাসান মিরাজ। টেক্টর ১ রান করেন।

চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন কারমাইকেল ও কার্টিস ক্যাম্ফের। দলীয় ১৫০ রানে কারমাইকেলকে ফেরান মিরাজ। ৭ চারে ১২৯ বলে ৫৯ রান করেন। পঞ্চম উইকেট জুটি থেকেও আসে ৫৩ রান। ক্যাম্ফের ও লোরকান টাকার জুটি ভাঙে ২০৩ রানে। ৪টি চার ও ২ ছক্কায় ৯৪ বলে ৪৪ রান করা ক্যাম্ফেরকে ফেরান হাসান মুরাদ।

২১৮ রানে টাকারের উইকেট তুলে নেন মিরাজ। ৩ চার ও ২ ছক্কায় ৮০ বলে ৩০ রান করেন। ২২২ রানে সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রিনেকে তৃতীয় শিকার বানান মিরাজ। পরে জর্ডান ও ম্যাকার্থি মিলে ৪৮ রান যোগ করেন। দিনের শেষ বলে জর্ডানকে ফেরান তাইজুল। ৩ চার ও ১ ছক্কায় ৬০ বলে ৩০ রান করেন।

প্রথমদিনে বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ ৩ উইকেট নেন। হাসান মুরাদ নেন ২ উইকেট। হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।

Scroll to Top