
সিলেট, ২২ ফেব্রুয়ারি – নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানকে পাশে বসিয়ে সিলেটকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী বলেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই সম্প্রীতিকে ধারণ করে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি আধুনিক সিলেট গড়তে কাজ করে যাব।
তিনি জোর দিয়ে বলেন, সিলেটের উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয় বরং এই অঞ্চলের সামগ্রিক কল্যাণের জন্যই কাজ করা হবে।
অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কিংবা সুপেয় পানির সমস্যা সমাধান হলে এর সুফল পুরো সিলেটবাসী ভোগ করবেন। নির্বাচনের ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার। রোজার মাত্র একদিন আগে দায়িত্ব গ্রহণ করলেও বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত ও ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। রমজানে আমদানিনির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম জোরদার করা হয়েছে।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিএনপি ও সমমনা দলের নেতৃবৃন্দ।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬




