
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – রাজধানীর শ্যামপুর এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আব্দুর রহিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স ৪৫ বছর। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহিমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে এবং তার বাবার নাম আব্দুর রহমান। নিজ গ্রামে তার একটি দোকান রয়েছে বলে জানা গেছে। তবে তিনি ঠিক কী প্রয়োজনে ঢাকায় এসেছিলেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে বা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় কোনো একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।
পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছিলেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের সড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬





