পোস্টাল ব্যালটে সাড়ে ৪ হাজার কারাবন্দির ভোট, আগ্রহ দেখাননি সালমান-আনিসুল-পলক – DesheBideshe

পোস্টাল ব্যালটে সাড়ে ৪ হাজার কারাবন্দির ভোট, আগ্রহ দেখাননি সালমান-আনিসুল-পলক – DesheBideshe

পোস্টাল ব্যালটে সাড়ে ৪ হাজার কারাবন্দির ভোট, আগ্রহ দেখাননি সালমান-আনিসুল-পলক – DesheBideshe

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম প্রায় শেষ হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই কার্যক্রমের পাঁচ দিনে মোট ৪ হাজার ৫৩৮ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারা অধিদপ্তরের তথ্যানুযায়ী মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

শনিবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কারা সূত্র জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভোটার হওয়ার বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করেননি। ফলে তারা ভোটার হিসেবে নিবন্ধিত হননি এবং ভোটও দেননি। একইভাবে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও ভোটার হতে ইচ্ছুক ছিলেন না।

কারাগারে ভোট প্রদানের ক্ষেত্রে ভোটারদের কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি পোস্টাল ব্যালটের একটি সম্মতিপত্রে স্বাক্ষরের বাধ্যবাধকতা ছিল। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভোটার হিসেবে তালিকাভুক্ত হলেও ওই সম্মতিপত্রে স্বাক্ষর করতে অপরাগতা প্রকাশ করেন যার ফলে তারা ভোট দিতে পারেননি। অন্যদিকে সাবেক মন্ত্রী দীপু মনি ভোটার হলেও ভোট দেননি কারণ তিনি বর্তমানে ঢাকার বাইরের একটি মহিলা কারাগারে অবস্থান করছেন।

ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে রাজনৈতিক বন্দি এবং সাবেক পুলিশ ও প্রশাসন কর্মকর্তাসহ মোট ২২ জন ভোটার হয়েছিলেন। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক মন্ত্রী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন বলে জানা গেছে তবে কারা কর্তৃপক্ষ তাদের নাম প্রকাশ করেনি। কেরানীগঞ্জ বিশেষ কারাগারে মোট ১০২ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ১২ জন বিশেষ বন্দি এবং ৪৩ জন সাধারণ কয়েদি রয়েছেন।

এআইজি মিডিয়া জান্নাত উল ফরহাদ জানান গত ৬ ফেব্রুয়ারি সার্ভার অত্যন্ত ব্যস্ত থাকায় বেশ কয়েকজন কারাবন্দি ভোট দিতে পারেননি। এ কারণে নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ কার্যক্রম চলমান রাখা হয়। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট প্রদানকারীদের মধ্যে ৪৪৮ জন পুরুষ এবং ২৩ জন নারী রয়েছেন। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন কার্যক্রম মূলত সমাপ্তির পথে থাকলেও ৮ ফেব্রুয়ারি আরও কয়েকজন কারাবন্দি ভোট দিতে পারেন।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top