পুলিশকে জনগণের সেবায় নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

পুলিশকে জনগণের সেবায় নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয়, দল বা সামাজিক অবস্থান নেই। তাই পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং জনগণের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

পুলিশকে জনগণের সেবায় নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি থানাকে নিজ নিজ এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয়, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা এবং পেশাদার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন, সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পেশাদার দায়িত্ববোধের মাধ্যমে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের আস্থা অর্জনে পুলিশ আরও সফল হবে।

সভা শেষে জুন মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

Scroll to Top