পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে মুজারাবানি, আইনি ব্যবস্থা নেবে পিসিবি | চ্যানেল আই অনলাইন

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে মুজারাবানি, আইনি ব্যবস্থা নেবে পিসিবি | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তি ভঙ্গ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ব্লেসিং মুজারবানি। একই সময় আসর দুটি গড়াবে, ফলশ্রুতিতে কেকেআরকেই বেছে নিয়েছেন এ জিম্বাবুয়ে পেসার। তবে আগে পিএসএলের দলের সাথে চুক্তি করে সেটা ভেঙে আইপিএলে যাওয়ার কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জিম্বাবুয়ের হয়ে ৮৯টি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মুজারাবানিকে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ১১ মিলিয়ন পাকিস্তানি রুপি দিয়ে দলে টেনেছিল। তার মূলত ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জসেফের পরিবর্তে দলে যোগ দেয়ার কথা ছিল।

কিন্তু ২৯ বর্ষী এ পেসার পিএসএলের চুক্তি ছেড়ে দিয়ে কেকেআরে যোগ দেন। চলতি বছরের জানুয়ারিতে কট্টরপন্থী হিন্দুত্ববাদ নেতাদের চাপের মুখে আইপিএলের দল কেকেআর থেকে বাদ দেয়া হয় মোস্তাফিজুর রহমানকে। বাংলাদেশি এ বোলারের জায়গাতে মুলত খেলবেন মুজারবানি। তার এমন সিদ্ধান্তে পিসিবি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে।

এটি টানা দ্বিতীয়বার, যেখানে কোনো খেলোয়াড় পিএসএলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও আইপিএলে যোগ দিয়েছেন। কারণ দুই টুর্নামেন্টই একই সময়ে অনুষ্ঠিত হয়।

গত মৌসুমে সাউথ আফ্রিকার অলরাউন্ডার করবিন বস পেশওয়ার জালমির হয়ে ডায়মন্ড ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি চুক্তি ভঙ্গ করে মুম্বাই ইন্ডিয়ানসের যোগ দেন। এর ফলে পিএসএল তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল।

অন্যদিকে, মুজারাবানি ছেলেদের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন। তিনি জিম্বাবুয়েকে গ্রুপের শীর্ষে তুলে সুপার এইট পর্বে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই লম্বা পেসার ছয় ম্যাচে ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মাত্র এক উইকেট পিছিয়ে ছিলেন। এর মধ্যে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের বড় জয়ে তার চার উইকেটের বিধ্বংসী বোলিং ফিগার বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

Scroll to Top