
রাঙামাটি, ১ মার্চ – সরকার ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন ও সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
রবিবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিসহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করলেই পার্বত্য অঞ্চল কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।
পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন যে শান্তির অন্যতম পূর্বশর্ত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মন্ত্রণালয়ের আইন ও নীতিমালার আলোকেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।
এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলাদা মতবিনিময় সভায় মিলিত হয়ে রাঙামাটির উন্নয়নে কাজ করার বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।
এম ম/ ১ মার্চ ২০২৬




