
ঢাকা, ২৩ মার্চ – খবরে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকার কথা বলা হলেও বাস্তবে পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড দেখা যাচ্ছে। তেলের আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা।
মিরপুর-১ নম্বর সনি সিনেমা হল সংলগ্ন স্যাম অ্যাসোসিয়েট লিমিটেড পাম্পে গিয়ে দেখা যায়, সেখানে কেবল এলপিজি সরবরাহ করা হচ্ছে। মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে যে অকটেন, পেট্রোল বা ডিজেল নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও অন্যান্য গাড়িচালকরা।
কুদ্দুস মোল্লা নামের এক ভুক্তভোগী জানান, সকাল থেকে কালশীসহ বেশ কয়েকটি পাম্প ঘুরেও তিনি তেল পাননি। ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার এবং সন্ধ্যায় বরিশাল যাওয়ার পরিকল্পনা থাকলেও তেলের অভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
নজরুল ইসলাম নামের আরেক মোটরসাইকেলচালক অভিযোগ করেন, প্রয়োজনে তারা তেল পাচ্ছেন না। কচুক্ষেত এলাকা থেকে আসা আরেক চালক জানান, সংকট নেই বলা হলেও পাম্পগুলো তেল দিচ্ছে না।
স্যাম অ্যাসোসিয়েট পাম্পের বিক্রয়কর্মীরা জানান, গত তিন দিন ধরে তারা অকটেন ও পেট্রোল সরবরাহ করতে পারছেন না। সকাল পর্যন্ত ডিজেল থাকলেও বর্তমানে তা শেষ হয়ে গেছে, কেবল এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক বার্তায় সতর্ক করেছে যে, জ্বালানি সংকটের কারণে যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় দেশে তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৬ মার্চ থেকে সরকার পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে।
এনএন/ ২৩ মার্চ ২০২৬





