পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ একটি চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খইম উদ্দিন বলেন, সে একজন সাজাপ্রাপ্ত আসামি ছিল। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মুহাম্মদ আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়। আমরা বিস্মিত হয়েছি। তাকে দ্রুত মুক্তিরও দাবি করেন তিনি।
মুহাম্মাদ আসাদুল্লাহ উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করছেন তিনি।



