পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চললেও জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ (৩১ জুলাই) শুক্রবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৩৪টি মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্জ এলাকার একটি কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৩৬ জন শ্রমিক কর্মরত ছিলেন। শক্তিশালী বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি কয়লাখনি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকর্মীরা খনির ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা আটকে থাকায় জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা খুবই কম।


