
পশ্চিম তীর, ১৪ ফেব্রুয়ারি – অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নাবলুসের দক্ষিণে তালফিট ও কুসরার কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত একজন গুলিবিদ্ধ হন।
এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বে মিখমাস শহরের কাছে খিল্লেত আস-সদরাহ এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। রামাল্লার নিকটবর্তী তুরমুস আয়া এলাকায় বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালিয়ে প্রায় ৩০০টি জলপাই গাছ কেটে ফেলেছে এবং বুলডোজার দিয়ে কৃষিজমি গুঁড়িয়ে দিয়েছে। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করেছে।
দেইর গাসানেহ ও বেইত রিমা ছাড়াও জেনিনের কাছে জাবা, সিরিস ও মেইথালুন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। ফিলিস্তিনি সংগঠন হামাস এসব হামলাকে নৃশংস আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল নীতি বাস্তবায়ন করছে এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের সেনাবাহিনীর সুরক্ষায় হামলার সুযোগ করে দিচ্ছে। হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





