কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। তবে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে কিছু কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছে দাবি করে এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিরোধী দলগুলোর কর্মসূচি নিয়েও কথা বলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সরকারে আসার পর মাত্র ছয় মাস হয়েছে। এত অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়। এ অবস্থায় বিরোধী দল কথায় কথায় মিছিল, সভা, লংমার্চ ও রোডমার্চ করলে তা কতটা মানানসই, তা তাদের বিবেচনা করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি উপস্থিত ছিলেন। এ ছাড়া চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন এবং মহিলা দল নেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



