বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জয় ও সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মাঠে কয়েকবার বমি করেছিলেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। রাত পেরিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, জানিয়েছেন জাতীয় দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।
শের-ই-বাংলায় ম্যাচের ৩৪তম ওভারের চতুর্থ বলে রাইলি মেরেডিথের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে। প্রথমে মাথায় আঘাত পাওয়া জায়গাটি ধরে রাখেন মিরাজ, এরপর হাঁটু গেড়ে বসে পড়েন। দলের ফিজিও যখন কনকাশন পরীক্ষা করছিলেন, মিরাজকে বমি করতে দেখা যায়।
অস্ট্রেলিয়া দলের ডাক্তারও তখন তাদের সাথে যোগ দেন এবং মাঠে একটি স্ট্রেচার আনা হয়। কয়েক মিনিট পর মিরাজ উঠে দাঁড়ান এবং স্ট্রেচার ফেরত পাঠানো হয়। আঘাত পাওয়ার পর দলের ফিজিও তাকে পরীক্ষা শেষ করলে মিরাজ উঠে দাঁড়ান। ব্যাটিং চালিয়ে যান এবং একটি ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেন। ম্যাচের পর তাকে হাসপাতাল নেয়া হয়।
নাফিস ইকবাল শুক্রবার অধিনায়ক মিরাজের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য জানিয়েছেন। রাতভর পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে জানিয়েছেন। বলেছেন, ‘মেহেদী হাসান মিরাজ, ওয়ানডে অধিনায়কের সর্বশেষ তথ্য, বাসায় ফিরেছে। পর্যবেক্ষণে ছিলেন প্রায় ১২ ঘণ্টার মতো। তার একটা আঘাত লেগেছিল বাউন্সারে, পরে বমিও হয়, যেটা চিন্তার কারণ ছিল। এরপর খেলা চালিয়ে যান, খেলার পর তৎক্ষণাৎ বিসিবি চিকিৎসক এবং ফিজিও মিলে সিদ্ধান্ত নেন তাকে হাসপাতালে পাঠানো হবে। এখন তার অবস্থা ভালো, সেখানে তার স্ক্যান করানো হয়েছে।’
‘প্রথম স্ক্যানে তার রিপোর্ট ভালো আসে। শুক্রবার তার দ্বিতীয় স্ক্যান করানো হয়, সেটাও ভালো আসে এবং তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তার কালকের অনুশীলনের বিষয় এখনও সঠিক জানি না, আমাদের ফিজিও তার সাথে যোগাযোগ করবেন। তার থাকার বিষয় কালকে জানা যাবে।’
অজিদের বিপক্ষে ১৪ জুন সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সকাল ১১টায় শুরু হতে চলা ম্যাচে জিতলে ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারবে টিম টাইগার্স।





