
সৌদি প্রো লিগে আল হিলাল ও আল তাউনের ম্যাচের সময় আল হিলালের পর্তুগীজ তারকা রুবেন নেভেসকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিয়েছে আল তাউনের সমর্থকেরা। তারা রোনালদোর প্রয়াত সতীর্থ লিভারপুল ফরোয়ার্ড ডিয়েগো জোতার নাম উল্লেখ করছিলেন। ম্যাচের সময়কার এ ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা দেখে বেজায় চটেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রোনালদো। বলেছেন এমন সমর্থকদের সারাজীবনের জন্য বহিষ্কার করা উচিত। তাদের আর কখনও স্টেডিয়ামে আসতে দেয়া উচিত হবে না।
ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে রোনালদো বলেছেন, ‘লিগ কর্তৃপক্ষের অবশ্যই পদক্ষেপ নেয়া উচিত এবং দর্শকদের এ ধরনের আচরণের জন্য শাস্তি প্রদান করা উচিত। এর সাথে ফুটবলের আর কোনো সম্পর্ক নেই এবং এক্ষেত্রে অবশ্যই সীমা নির্ধারণ করে দেয়া প্রয়োজন। যারা এমন আচরণ করে, তাদের আর কখনোই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া উচিত নয়।’
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের পাশ দিয়ে যাওয়ার সময় নেভেসকে ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি একটি সংক্ষিপ্ত কথা বলেন, যার মাধ্যমে আল-তাউনের সমর্থকদের আচরণের প্রতি স্পষ্ট ভৎসনা ফুটে ওঠে।
নেভেস বলেন, ‘আমি আশা করি আল-তাউনের সমর্থকরা যেন প্রার্থনায় না যায়।’ গ্যালারি থেকে প্রদর্শিত ওই আচরণ যে মানবিক মূল্যবোধ, নীতি-আদর্শ এবং ঐশ্বরিক ধর্মের পরিপন্থী—এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত সেই বিষয়টিই ইঙ্গিত করেছেন।
পর্তুগিজ তারকা ফুটবলার ও লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোতা ২০২৫ সালের জুলাই মাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্পেনের চেরনাদিয়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় তিনি ও তার ভাই আন্দ্রে সিলভা মারা যান। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় তাদের গাড়ির টায়ার ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…