বিশ্বকাপে রাউন্ড অব-৩২ এর লড়াইয়ে ভোরে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এই ম্যাচের ফলাফল নির্ভর করছে, দুই কিংবদন্তি পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্রোয়েশিয়া মিডফিল্ডার লুকা মদ্রিচ কে খেলছেন তার শেষ বিশ্বকাপ ম্যাচ। কারণ যে দল হারবে, সে দলেরই বিদায় নিশ্চিত। তাই ব্যক্তিগত ও দলীয় দুই দিক থেকেই ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। ম্যাচের ফলাফল প্রেডিকশন করেছে অপ্টা সুপার কম্পিউটার। তার পূর্বাভাস অনুযায়ী, এগিয়ে থাকবে পর্তুগাল।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া ম্যাচ। জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে আসর থেকে।
অপ্টা সুপার কম্পিউটারের প্রেডিকশন অনুযায়ী, নির্ধারিত সময়ে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে ৯০ মিনিট শেষে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯ দশমিক ৬ শতাংশ বলে উল্লেখ করেছে অপ্টা।
গ্রুপপর্বে ‘কে’ গ্রুপে খেলেছে পর্তুগাল। একটি জয় ও দুটি ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটপর্বে জায়গা করে নেয় তারা। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
সাম্প্রতিক পারফরম্যান্স, ফিফা র্যাঙ্কিং এবং অতীত পরিসংখ্যান সব দিক থেকেই কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম, যেখানে ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।
দু’দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১০ বার দেখা হয়েছে দু’দলের। এর মধ্যে সাতবার জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে মুখোমুখি হয়ে ১-১ গোলে সমতায় মাঠ ছেড়েছিল দু’দল।
তবে নকআউট পর্বের ম্যাচে পরিসংখ্যান বা সম্ভাবনার চেয়ে মাঠের পারফরম্যান্সই বলে দেবে, কে নিশ্চিত করবে শেষ আটে জায়গা।




