পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন | চ্যানেল আই অনলাইন

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন | চ্যানেল আই অনলাইন

পর্তুগালে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। এতে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ারের সঞ্চালনায় এবং উপদেষ্টা লায়লা মুনতাজেরী দীনার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনের শুরুতে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

সভায় রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার ফলে দেশের মানুষ মুক্ত পরিবেশে নিজেদের মেধা ও শ্রম কাজে লাগাতে পারছে, যার ফলে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়েছে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Scroll to Top