পদ্মা সেতুতে ৩ দিনে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায় | চ্যানেল আই অনলাইন

পদ্মা সেতুতে ৩ দিনে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায় | চ্যানেল আই অনলাইন

মুন্সিগঞ্জে পদ্মা সেতু দিয়ে ঈদযাত্রায় গত তিন দিনে দক্ষিণাঞ্চলীয় ২১ জেলার ঘরমুখো মানুষের প্রায় ১ লাখ ১৯ হাজার ৬শ ৮২ টি যানবাহন পদ্মা সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে। এর মধ্যে উত্তর প্রান্ত থেকে উঠেছে ৭৮ হাজার ৫ শ ৮২টি যানবাহন।

এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮শ টাকা। যা এবারের ঈদ যাত্রায় সর্বোচ্চ রেকর্ড হয়েছে।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য জানিয়ে আরও বলেন, ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪১ হাজার ৮শ ৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২শ ৫০ টাকা।

এর আগের দিন ১৭ মার্চ ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫শ ১৭টি যানবাহন পারাপার হয়, এখান থেকে টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯শ টাকা। ১৯ মার্চ ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬শ ৫০ টাকা।

তবে এর আগে পদ্মা সেতু দিয়ে ২০২৫ সালের ৫ জুন একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪শ ৮৭টি যানবাহন চলাচলের রেকর্ড রয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার ঈদযাত্রার শেষ দিন সকাল থেকে সেতুতে যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। শেষ সময়েও অনেকে বাড়ি ফিরছেন। যানবাহনের কিছুটা চাপ থাকলেও কোন ধরনের যানজট সৃষ্টি হয়নি।

এ বছর ঈদের ৪ দিন আগে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় তাড়াহুড়ো না করে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ তাদের গন্তব্যে পৌঁছতে সহজ হয়েছে।

Scroll to Top