পঞ্চগড়ের অমরখানায় একই পরিবারের একাধিক সার ডিলারশিপ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলারের লাইসেন্স থাকার পরও নতুন করে ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। এ নিয়োগের আদেশ বাতিল করে মেসার্স তিন বোন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: ছোলায়মান আলীকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে জেলা প্রশাসক ও সার, বীজ ও মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

পঞ্চগড়ে পরিবারের একাধিক সার ডিলারশিপ

সম্প্রতি দেয়া ওই আবেদনে ছোলায়মান আলী অভিযোগ করেন, অমরখানা ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য ১৬ জন আবেদনকারীর মধ্যে তিনিও ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তে তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও সার সংরক্ষণের উপযোগী গোডাউন পাওয়া যায়। আবেদনে কোনো ত্রুটিও ছিল না বলে দাবি করেন তিনি।

তবে মেসার্স লিয়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: লুকমান হোসেন লিয়নের নিজস্ব গোডাউন না থাকা সত্ত্বেও তাকে ডিলার নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবেদনে আরো বলা হয়, একই পরিবারের সোহেল রানা ও তার মা খালেদা বেগমের (আশা এন্টারপ্রাইজ) নামে সার ডিলারের লাইসেন্স রয়েছে। সোহেল রানার বাবা আমির আলীর গোডাউন ব্যবহার করে এসব লাইসেন্স পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা বলেন, তিনটি ডিলারের জন্য একই গোডাউন ব্যবহারের বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

ছোলায়মান আলীর অভিযোগ, প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করেও তিনি ডিলার নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। একই পরিবারের একাধিক ব্যক্তির নামে লাইসেন্স থাকাবস্থায় লুকমান হোসেনকে নতুন করে নিয়োগ দেয়ার বিষয়টি নিয়োগ নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

এ অবস্থায় সংশ্লিষ্ট লাইসেন্স, গোডাউন ও নিয়োগপ্রক্রিয়া আবার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে লুকমান হোসেনের নামে দেয়া নিয়োগের আদেশ বাতিল করে মেসার্স তিন বোন ট্রেডার্সের স্বত্বাধিকারী ছোলায়মান আলীকে ডিলার নিয়োগের বিষয়টি বিবেচনার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিযুক্ত ডিলারের বক্তব্য পাওয়া যায়নি

Scroll to Top