
কাঠমান্ডু, ২৮ আগস্ট – নেপালের বন্যাকবলিত এলাকার উজানে হিমালয় পর্বতশ্রেণিতে নতুন করে দুটি হ্রদ সৃষ্টি হওয়ায় দেশটিতে আবারও বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে।
চীনের একটি উদ্ধারকারী দল বৃহস্পতিবার আকাশ থেকে ধারণ করা ভিডিওতে একটি হ্রদ সৃষ্টির বিষয়টি প্রথম শনাক্ত করে। ওই ভিডিওতে দেখা যায় যে একটি অববাহিকায় বিপুল পরিমাণ পানি জমেছে। শুক্রবার পাওয়া নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে ওই হ্রদটি থেকে পানি উপচে পড়তে শুরু করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে স্যাটেলাইট ছবিতে উজানে আরও একটি বড় হ্রদের অস্তিত্ব পাওয়া গেছে যার আয়তন ক্রমাগত বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত এই দ্বিতীয় হ্রদটি থেকে পানি বের হওয়ার কোনো পথ দেখা যায়নি। ফলে সেখানে পানির চাপ বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়ছে।
কর্মকর্তারা সতর্ক করেছেন যে হ্রদ দুটির পানির স্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার আশঙ্কা থেকেই যাবে। বর্তমানে নেপালের কর্মকর্তারা স্যাটেলাইট ছবির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তবে এই প্রযুক্তির সীমাবদ্ধতা থাকায় সীমান্তবর্তী তিমুর শহরের কাছে ক্যামেরা ও সেন্সর স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে এসব সরঞ্জাম দ্রুত স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে নেপাল কর্তৃপক্ষ।
এনএন/ ২৮ আগস্ট ২০২৬


