নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ – DesheBideshe

নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ – DesheBideshe


নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ৩ জুন – নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতে পা রাখা বাংলাদেশ নারী ফুটবল দল ফাইনাল নিশ্চিত করেছে।

বুধবার গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নেপালের মেয়েরা আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে। গত দুই আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিতে মরিয়া নেপাল ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায়। দীপা শাহীর কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে ব্যর্থ হন গোলকিপার মিলি আক্তার। সেই সুযোগে গীতা রানা বল জালে জড়িয়ে নেপালকে লিড এনে দেন।

পিছিয়ে পড়ার পর বাংলাদেশ একের পর এক আক্রমণ শুরু করে। ম্যাচের ৪৫তম মিনিটে ঋতুপর্ণা চাকমার চমৎকার এক কর্নার কিক সরাসরি জালে প্রবেশ করলে সমতায় ফেরে বাংলাদেশ। এই বিরল অলিম্পিক গোল ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে।

দ্বিতীয়ার্ধে দুই দলই সতর্কতার সঙ্গে খেলতে থাকে। ৪৭ মিনিটে নেপালের একটি শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসলে রক্ষা পায় বাংলাদেশ।

বদলি খেলোয়াড় হিসেবে নামা শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা ম্যাচের গতি বদলে দেন। ম্যাচের অতিরিক্ত সময়ে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো পাস থেকে চমৎকার এক গোল করে দলের জয় নিশ্চিত করেন সাগরিকা।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালের টিকিট হাতে পায় বাংলাদেশ দল।

এনএন/ ৩ জুন ২০২৬



Scroll to Top