ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান-এর জন্মদিন শনিবার (২৮ মার্চ)। বিশেষ এই দিনে সাধারণ ভক্ত থেকে শোবিজ অঙ্গনের মানুষের আবেগ, প্রশংসা ও স্মৃতিচারণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা এই সুপারস্টারকে নিয়ে কথা বলেছেন সাম্প্রতিক সময়ের তিন আলোচিত সিনেমার নির্মাতা, যারা নিজ নিজ কাজের মাধ্যমে শাকিবকে নতুনভাবে তুলে ধরেছেন পর্দায়।
প্রিয়তমা, তুফান ও বরবাদ— কেউ অস্বীকার করবেন না যে, এই সিনেমাগুলো শাকিব খানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পৌঁছে দিয়েছে সর্বত্র! অ্যাকশন, আবেগ ও তারকাসত্তার সমন্বয়ে এই সিনেমাগুলো তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে।
সুপারস্টারের জন্মদিন উপলক্ষে তাই হিমেল আশরাফ, রায়হান রাফী এবং মেহেদী হাসান হৃদয়ও লিখেছেন তাদের নিজেদের অনুভূতি!

শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত সিনেমা প্রিয়তমা-এর নির্মাতা হিমেল আশরাফ এক দীর্ঘ পোস্টে তুলে ধরেছেন তারকার পর্দা-জাদু। তিনি জানান, সম্প্রতি একটি সিনেমা হলে বসে তিনি দর্শকদের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলেন। ঠিক সেই সময় ‘বরবাদ’ সিনেমার একটি মাত্র ৩ সেকেন্ডের দৃশ্য—যেখানে শাকিব খানকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে—দেখানো হলে হঠাৎ করেই হলজুড়ে শুরু হয় উচ্ছ্বাস, হাততালি ও শিস।
হিমেলের ভাষায়, কোনো সংলাপ বা বিশেষ ‘স্ব্যাগ’ ছাড়াই একটি সাধারণ দৃশ্যেও দর্শকদের এমন উন্মাদনা প্রমাণ করে, বড় পর্দায় শাকিব খানের উপস্থিতিই আলাদা এক শক্তি। তিনি আরও বলেন, সিনেপ্লেক্স হোক কিংবা সিঙ্গেল স্ক্রিন- অন্ধকার হলরুমে শাকিব খানই সবচেয়ে উজ্জ্বল আলো, সবচেয়ে শক্তিশালী তারকা।

অন্যদিকে, তুফান-এর নির্মাতা রায়হান রাফী সংক্ষিপ্ত বার্তায় শাকিবকে বড় ভাই ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, “শুভ জন্মদিন শাকিব ভাই। বড় ভাই হিসেবে আপনি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। সর্বদা আমাদের গর্ব।”
এদিকে বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ও জন্মদিনে শাকিব খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ‘বাংলাদেশের মেগাস্টার’ আখ্যা দেন। ইংরেজিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, শাকিব খান তার নিষ্ঠা ও আবেগ দিয়ে বাংলা সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছেন এবং কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।





