
ভোলা, ১ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে অবহলিত জনপদ গ্যাস সমৃদ্ধ ভোলার দৃশ্যপট তিনি পাল্টে দেবেন।
রোববার বিকেলে ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়ন হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আন্দালিব রহমান পার্থ বলেন, দ্বীপজেলা ভোলার মানুষ বর্তমানে একেবারেই অবহেলিত এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তিনি অভিযোগ করেন যে বিগত সময়ে আওয়ামী লীগ উন্নয়নের নামে কেবল লুটপাট চালিয়েছে এবং এতে সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি।
ভোলায় আত্মীয়করণ ছাড়া মানুষ আর কিছু দেখেনি বলে মন্তব্য করে তিনি বলেন, রাস্তাঘাট, পুল, কালভার্ট ও গ্রামীণ অবকাঠামোগুলোর জীর্ণ দশার কোনো উন্নতি করা হয়নি। দলীয় নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে বিজয়ী করে জনগণ যেমন ঠকেনি, তেমনি তারেক রহমানকে ভোট দিয়ে বিজয়ী করেও বাংলাদেশ ঠকবে না। পার্থ উল্লেখ করেন যে তারেক রহমান শুধু দেশবাসীকে নিয়েই ভাবেন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সংগ্রাম করেন। তার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক সুখি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ্জাকুল হায়দার মিলনের সভাপতিত্বে বিএনপি ও বিজেপি যৌথভাবে এই জনসভার আয়োজন করে। সভায় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসূল আলমসহ স্থানীয় বিএনপি ও বিজেপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬





