নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন অব্রি

মুখে অস্ত্রোপচারের আগে শল্যচিকিৎসকের কাছে একটি অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা অব্রি। জানতে চেয়েছিলেন, অস্ত্রোপচারের সময় তার মুখের বিভিন্ন অংশ থেকে হাড়ের যে পাতলা টুকরোগুলো সরানো হবে, সেগুলো তিনি সঙ্গে নিতে পারবেন কি না। চিকিৎসক রাজি হয়েছিলেন। কয়েক মাস পর সেই টুকরোগুলো দিয়েই এক জোড়া কানের দুল গড়িয়েছেন চল্লিশোর্ধ্ব এই নারী।

চুল

নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে অব্রি জানান, ছোটবেলা থেকেই নিজেকে অন্য রকম মনে হতো তার। তবে তিনি যে একজন ট্রান্স নারী, সে কথা নিজের কাছেও স্বীকার করতে চাননি দীর্ঘদিন। একসময় তার মনে হয়, নিজের পরিচয় নিয়ে নিজের কাছে যেমন সৎ থাকা দরকার, তেমনি প্রিয়জনদেরও তা জানানো প্রয়োজন। কয়েক বছর আগে তিনি নারী হিসেবে জীবনযাপন শুরু করেন।

নিজের লিঙ্গপরিচয়ের সঙ্গে মুখের অবয়ব আরও সংগতিপূর্ণ করে তুলতে এ বছরের শুরুর দিকে অস্ত্রোপচার করান অব্রি। পরে হাড়ের টুকরোগুলো দিয়ে গয়না তৈরির জন্য একজন শিল্পীর খোঁজ শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এমন একজন গয়নার কারিগরের সন্ধান পান তিনি। তার তৈরি দুলের ওপরের অংশ সাদা সোনার। তাতে ছোট ছোট জিরকোনিয়া বসানো। নিচে ঝুলছে অব্রির মুখের হাড়ের টুকরো।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

দুলের ছবি প্রকাশ করে অব্রি জানান, নিজের চেহারার যে বৈশিষ্ট্যগুলো একসময় তাকে অস্বস্তি দিত, সেগুলো বদলে তিনি নিজের মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছেন। আবার যা সরিয়ে ফেলা হয়েছে, তাকে নতুন রূপ দেওয়ার মধ্যেও সৌন্দর্য দেখছেন তিনি। তাই দুলজোড়া তার কাছে নিজের পথচলা আর সাহসের স্মারক। তার কাছে হাড়ের আরও কিছু টুকরো আছে। সেগুলো দিয়ে একই শিল্পীর হাতে একটি হার গড়ানোর কথাও ভাবছেন অব্রি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Scroll to Top