নিউ ইয়র্ক পুলিশে নিযুক্ত হলেন ঠাকুরগাঁওয়ের সুপ্ত | চ্যানেল আই অনলাইন

নিউ ইয়র্ক পুলিশে নিযুক্ত হলেন ঠাকুরগাঁওয়ের সুপ্ত | চ্যানেল আই অনলাইন

বিদেশের মাটিতে ফের বাংলাদেশের জয়জয়কার। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে সম্মানজনক পদে নিযুক্ত হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন ঠাকুরগাঁওয়ের তরুণ মাহমুদুল হাসান সুপ্ত।

সুপ্ত ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের টানা দুইবারের সফল চেয়ারম্যান মো. ফজলুল হকের ছোট ছেলে।

ঠাকুরগাঁওয়ের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে সুদূর মার্কিন মুলুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার এই খবরে উচ্ছ্বসিত গোটা এলাকা। সুপ্তর এই সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, ছোটবেলা থেকেই মেধাবী সুপ্ত বরাবরই জনসেবামূলক কাজে যুক্ত হতে আগ্রহী ছিলেন। নিউইয়র্ক পুলিশের মতো বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী সংস্থায় তাঁর এই অন্তর্ভুক্তি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো ঠাকুরগাঁওবাসীর জন্য এক অনন্য গৌরব হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সুপ্ত ও তাঁর বাবা ফজলুল হক। চিলারং ইউনিয়নের বাসিন্দারা বলছেন, “আমাদের ঘরের ছেলে আজ বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।” সুপ্তর এই সাফল্য আগামী প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

Scroll to Top