নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বরপা এলাকায় বি আর আই ব্রাদার্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কারখানাটির ৭০-৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ দেয়নি। যে কারণে কারখানার দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন।’
‘মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকায় আজ বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তারা আগামী সোমবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে,’ জানান এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেখানে অবস্থান করছে।





